আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি দোকানে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন মারা গেছে এবং আরো চার জন আহত হয়েছে।
দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ সকালে মুম্বাইয়ের সাকি নাকা-কুর্লার খাইরানী সড়কের ভানু ফারসান দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর এটি দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানের বিপুল সংখ্যক টি-টেবিল ও আসবাবপত্রে আগুন ধরে যায়। এ সময় দোকানের বেশ কয়েকজন কর্মী সেখানে আটকা পড়ে।’
তিনি আরো বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই গোটা দোকানকে গ্রাস করে। ঘটনাস্থলেই ১২ জন মারা যায়। দমকলকর্মী ও স্থানীয় বেসরকারি সংস্থার উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়।’
দোকানের ধ্বংসস্তুপের নিচে ছয় জনের মতো কর্মী চাপা পড়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।











