ডেস্ক রিপোর্ট- কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি জানিয়েছেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ওয়ানে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে বেশ কয়েকটি বিমানবন্দর স্থাপনার ব্যাপক ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর বুধবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরে জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা সক্রিয় করেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত ফ্লাইট অপারেশন স্থগিত করে ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট (পথ পরিবর্তন) করা হচ্ছে।
যাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বিশেষজ্ঞ দল ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং মেরামতের কাজ শুরু করার জন্য পরিদর্শন চালিয়ে যাচ্ছে। একই সাথে কুয়েত এয়ারওয়েজসহ অন্যান্য প্রধান বিমানসংস্থাগুলো তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়ে যাত্রীদের বিমানবন্দরে না আসার এবং পরবর্তী আপডেটের জন্য অফিশিয়াল যোগাযোগ মাধ্যম অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।











