মৌলভীবাজার প্রতিনিধি- মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক সভা ও ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এবং সভাপতিত্ব করেন এনডিসি মোহাম্মদ আবিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে বলা হয় যে, সচেতনতা ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া অপতথ্য, গুজব, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ সম্ভব নয়। অনুষ্ঠানে স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, নিরাপদ খাদ্য, আর্থিক সচেতনতা, সমাজসেবা ও সাইবার নিরাপত্তার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখেন জেলা পর্যায়ের নানা সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য প্রচারের আগে তা যাচাই বা ফ্যাক্টচেকিংয়ের গুরুত্ব বিশেষভাবে জোর দেওয়া হয়। সচেতনতামূলক আলোচনার পাশাপাশি এই কর্মসূচির আওতায় ফ্রী চক্ষু ক্যাম্পে ১,০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা দেওয়া হয় এবং ৩৫ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।
এছাড়া তথ্যবহুল বক্তব্য প্রদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পান বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মাজেদ মিয়া। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তানভীর হোসেন মিরপুর হোসাইনিয়া মাদ্রাসার তিনতলা ভবনের উদ্বোধন, ভেষজ চারা রোপণ এবং ভাষাসৈনিক বদরুজ্জামানের সমাধিতে ফাতেহা পাঠ করেন।











