জ্যেষ্ঠ প্রতিনিধি: কুয়েত সরকার বিদেশী বিনিয়োগকারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ১৫ বছর মেয়াদী দীর্ঘমেয়াদী রেসিডেন্সি (আবাসন) সুবিধা অনুমোদন করেছে। গত রবিবার সরকারি গ্যাজেট ‘কুয়েত আল-ইউম’-এ প্রকাশিত এই যুগান্তকারী সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো—বিদেশী বিনিয়োগ উৎসাহিত করা, বৈশ্বিক পুঁজি আকর্ষণ করা এবং কুয়েতকে প্রত্যক্ষ বিনিয়োগের একটি অন্যতম প্রধান আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা।
নতুন এই নীতিমালার আওতায় কুয়েতে কর্মরত বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়িক অংশীদার, ব্যবস্থাপক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং তাদের ওপর নির্ভরশীল নিকটতম পরিবার (যেমন: বাবা-মা, স্ত্রী ও সন্তান) এই দীর্ঘমেয়াদী রেসিডেন্সি সুবিধার আওতাভুক্ত হবেন। কুয়েত ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন অথরিটি (KDIPA)-এর সুপারিশক্রমে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগ এই অনুমতি প্রদান করবে, যার জন্য আবেদনকারী প্রতিষ্ঠানের একটি বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
এছাড়া আবেদনকারীদের অবশ্যই ন্যূনতম ছয় মাসের মেয়াদসহ পাসপোর্ট ও অপরাধমুক্ত চরিত্রের সনদ (পুলিশ ক্লিয়ারেন্স) জমা দিতে হবে এবং সমস্ত তথ্যের নির্ভুলতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আইনিভাবে দায়বদ্ধ থাকবে। এই স্পন্সরশিপ পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কুয়েতের অভ্যন্তরে ন্যূনতম ১ মিলিয়ন কুয়েতি দিনার মূলধন জমা রাখার প্রমাণসহ মোট বিনিয়োগের পরিমাণ অন্তত ৫ মিলিয়ন কুয়েতি দিনার হওয়ার আইনি বাধ্যবাধকতা রাখা হয়েছে।











