স্টাফ রিপোর্টার- ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আমেজ ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ন্যায় কুয়েতেও পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। বুধবার (২৭ মে) স্থানীয় সময় ভোর ৫:০৫ মিনিটে দেশটির সর্বত্র একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যার মধ্য দিয়ে শুরু হয় ঈদের মূল আনুষ্ঠানিকতা। কুয়েতের সর্ববৃহৎ ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয় দেশটির জাতীয় মসজিদ ‘মসজিদ আল কাবিরে’।
ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায় কুয়েতে বসবাসরত প্রায় ৩ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি সাধ্যমতো গরু ও দুম্বা কোরবানি দিয়েছেন। দেশটির অন্যতম ধর্মীয় প্রশাসনিক সংস্থা ‘আওকাফ’ (ইসলামিক প্রতিষ্ঠান) পরিচালিত ৩ হাজারেরও বেশি মসজিদের মধ্যে প্রায় ২৩টি মসজিদে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে পবিত্র ঈদের খুতবা বাংলায় পাঠ করা হয়। এর মধ্যে সালেহ আল ফুদালা, উমর বিন খাত্তাব, জুলাইব ফালাহ আল মুতাইরি, আব্দুল্লাহ বিন ওমর বিন্ আস্, ত্বার্মী, আতিকী, নাদি আল ফুরুসিয়া, ওসমান বিন্ আফফান, আব্দুল ওহাব সালেহ আল নামাশ এবং ফয়সাল মাতরুক আল এনায়জী মসজিদ উল্লেখযোগ্য।
প্রতিটি মসজিদের ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।











