আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অবরোধ তুলে না নিলে গত কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের মুখে পড়বে সংঘাতপীড়িত দেশ ইয়েমেন। আর এ দুর্ভিক্ষের ভুক্তভোগী হবে লাখ লাখ মানুষ।
এ আশঙ্কার কথা জানিয়েছেন, জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক শেষে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের আশঙ্কার কথা জানান মার্ক লেকক। এ সময় মার্ক লেকক ইয়েমেনের ওপর থেকে সৌদির নেতৃত্বাধীন জোটের অবরোধ তুলে নেয়ারও আহ্বান জানান।
ইয়েমেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের এই সিনিয়র কর্মকর্তা বলেন, আমি নিরাপত্তা পরিষদকে বলেছি- ইয়েমেনের ওপর থেকে এই অবরোধ তুলে নেয়া না হলে সেখানে দুর্ভিক্ষ হবে। এটি হবে বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষ। দুর্ভিক্ষে ভুক্তভোগী হবে লাখ লাখ মানুষ।
প্রসঙ্গত, গত সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদির রাজধানী রিয়াদে একটি মিশাইল নিক্ষেপ করে। তবে ওই ক্ষেপণাস্ত্র আটকে দেয় সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনার পর ইয়েমেনের সঙ্গে আকাশ, স্থল ও নৌপথে অবরোধ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।
২০১৫ সাল থেকে সৌদির নেতৃত্বাধীন জোটের সঙ্গে লড়াই করছে হুতি বিদ্রোহীরা।











