খ ম জুলফিকার, মৌলভীবাজার | মৌলভীবাজারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৬ই জুন ২০২৬, শনিবার বিকেল ৫.০০ ঘটিকায় শহরের ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে ‘জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ’-এর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির প্রতি সম্মান জানিয়ে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহকারী সভাপতি বিশিষ্ট লেখক গবেষক আইনবিদ ড. আবু তাহের, ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ-এর সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকার, সরকারি অবসর কর্মচারী কল্যাণ সমিতির নেতা আব্দুল বাসিত ও জাতীয় মানবাধিকার সোসাইটির জেলা সাধারণ সম্পাদক দেওয়ান মোনাকিব চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীমা কর্মকর্তা সৈয়দ শাহিন মিয়া, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক জহির খান, শিক্ষাবিদ মুর্শেদ আহমদ মুন্না, শিক্ষাবিদ মুজিবুর রহমান, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী এবং সিনিয়র সাংবাদিক শ. ই. জবলু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসী আব্দুল আজিজের সমাজসেবা ও দেশের প্রতি নানামুখী অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং প্রবাসে থেকেও দেশের ইতিহাস-ঐতিহ্য লালন করায় তাঁর ভূয়সী প্রশংসা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











