বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ব্যাপক ওঠানামা চললেও মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতে গৃহস্থালি রান্নার গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দামে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কোনো পরিবর্তন আসেনি। দেশটির সরকারি ভর্তুকির আওতায় ১২ কেজি ওজনের প্রতিটি গ্যাস সিলিন্ডার রিফিলের মূল্য আজও মাত্র ০.৭৫০ দিনার বা ৭৫০ ফিলস নির্ধারিত রয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ টাকার সমান।
কুয়েতের স্থানীয় শীর্ষস্থানীয় গণমাধ্যম আল-আনবা, আরব টাইমস, আল-রাই এবং কুয়েত লোকাল-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৪৬ হাজার ৭০০টি রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয়, যা বছরে প্রায় ১ কোটি ৭০ লাখেরও বেশি সিলিন্ডারের চাহিদা তৈরি করে। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কুয়েত অয়েল ট্যাংকার কোম্পানি (কেওটিসি)-এর অধীনে শুয়াইবা ও উম আল-আইশ গ্যাস ফিলিং প্ল্যান্ট থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে এই গ্যাস সরবরাহ করা হয়। উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহে সরকারের বিপুল অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও সাধারণ নাগরিক ও বিপুলসংখ্যক প্রবাসীর জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে কুয়েত সরকার এই খাতে বিশাল ভর্তুকি অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, ২০১৬ সালে বিশ্ববাজারে তেলের দরপতনের কারণে কুয়েত সরকার অভ্যন্তরীণ বাজারে পেট্রোলের দাম বৃদ্ধি করার সময় গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে ২.৫ থেকে ৫ দিনার করার একটি প্রস্তাব পর্যালোচনা করেছিল, তবে শেষ পর্যন্ত জনস্বার্থ ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে রান্নার গ্যাসের দাম ৭৫০ ফিলসেই অপরিবর্তিত রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে গ্রাহকরা অনুমোদিত সমবায় সমিতি বা গ্যাস শাখা থেকে সরাসরি সিলিন্ডার পরিবর্তন করলে কেবল ৭৫০ ফিলস পরিশোধ করেন, তবে স্থানীয় ডেলিভারি কর্মীদের মাধ্যমে বাসায় নিলে সার্ভিস চার্জসহ মোট ১.২৫০ থেকে ১.৫০০ দিনার খরচ পড়ে।
দীর্ঘ সময় ধরে এই স্থিতিশীল মূল্যের কারণে কুয়েতে বসবাসরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশি চরম স্বস্তি প্রকাশ করেছেন। সিলেটের মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ গ্রামের প্রবীণ কুয়েত প্রবাসী ফারুক আহমদ জানান, নব্বইয়ের দশকে কুয়েতে আসার পর থেকে আজ অবধি তিনি রান্নার গ্যাসের দামে কোনো হেরফের দেখেননি, যা প্রবাসীদের জন্য এক বিশাল আশীর্বাদ; কারণ নিজ দেশে যেখানে একটি সিলিন্ডার কিনতে দেড় থেকে দুই হাজার টাকার বেশি গুনতে হয়, সেখানে কুয়েতে মাত্র নামমাত্র মূল্যে তা পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন বলেন, কুয়েত সরকার স্থানীয় নাগরিক ও প্রবাসীদের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখতে মানবিক বিবেচনা থেকে নিত্যপ্রয়োজনীয় নানা খাতে ভর্তুকি দিয়ে আসছে, বিশেষ করে জ্বালানি ও খাদ্য খাতে সরকারের এই উদার নীতি নিঃসন্দেহে প্রশংসনীয়।
রাজধানীর ঢাকার বাসিন্দা ও কুয়েত প্রবাসী ক্রীড়া সংগঠক সোহেল রানা মনে করেন, কুয়েত কেবল সম্পদেই নয় বরং মানবিকতা ও নাগরিক সুবিধার দিক থেকেও উন্নত একটি রাষ্ট্র, যেখানে প্রবাসীরাও নাগরিকদের মতোই মৌলিক চাহিদার ক্ষেত্রে সরকারি ভর্তুকির সুফল ভোগ করছেন।
অন্যদিকে প্রবাসী ব্যবসায়ী আব্দুল হাই মামুন আক্ষেপের সুরে বলেন, কুয়েত সম্পূর্ণ আমদানিনির্ভর একটি মরুপ্রধান দেশ হয়েও নাগরিক ও প্রবাসীদের প্রতি যে মানবিক দায়িত্ববোধ দেখায়, আমাদের মতো কৃষি ও উৎপাদনশীল দেশ হয়েও আমরা তার ন্যূনতম সুফল সাধারণ মানুষকে দিতে পারছি না। সব মিলিয়ে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও মুদ্রাস্ফীতির এই যুগে কুয়েত সরকারের এই জনবান্ধব ভর্তুকি নীতি দেশটিতে বসবাসরত দেশি-বিদেশি সবার কাছেই এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
আ হ জুবেদ (সম্পাদক, অগ্রদৃষ্টি)
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












