জ্যেষ্ঠ প্রতিবেদক: ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে কুয়েতের আল-সালমি মরুভূমিতে এক বাংলাদেশি রাখাল নিহত এবং একটি উট আহত হয়েছে।
প্রায় চার দশক পেরিয়ে গেলেও আগ্রাসনের অবিস্ফোরিত ধ্বংসাবশেষ যে এখনো কতটা প্রাণঘাতী, এই ঘটনা তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কুয়েতের আল-সালমি মরুভূমিতে বিস্ফোরণের খবর পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী এবং জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৯৯৮ সালে জন্মগ্রহণকারী ওই বাংলাদেশি নাগরিক অসাবধানতাবশত একটি ব্যক্তিবিধ্বংসী মাইন বা অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইনের ওপর পা রাখলে সেটি বিস্ফোরিত হয় এবং গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় কাছাকাছি থাকা একটি উটও আহত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ সরানোর নির্দেশ দেন। মাইনটি নিষ্ক্রিয় করতে, আশপাশের এলাকা তল্লাশি চালাতে এবং অন্য কোনো বিস্ফোরক অবশিষ্ট আছে কি না তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়। ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভস বিভাগের প্রতিনিধিত্বে ক্রিমিনাল এভিডেন্স, ফরেনসিক মেডিসিন এবং ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলের কার্যক্রমে অংশ নেয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তদন্তকারী কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।
দীর্ঘ প্রায় চার দশক কেটে গেলেও কুয়েতের প্রত্যন্ত অঞ্চলে ইরাকি আগ্রাসনের মাইন ও অন্যান্য বিস্ফোরক অবশেষ যে এখনো মানুষের জীবনের জন্য হুমকি হয়ে আছে, এই মর্মান্তিক ঘটনা আবারও সেই ঝুঁকিই সামনে নিয়ে এসেছে।
এদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এমন একটি ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের প্রাণহানির খবর তাঁরা শুনেছেন। তবে এখন পর্যন্ত নিহত ওই বাংলাদেশির কোনো পরিচয় দূতাবাসের কাছে পৌঁছায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক খবর:

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












