দ্বিতীয়বারের মতো বিবিসির বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির আইভরি কোস্ট মিডফিল্ডার ইয়া ইয়া তোরে। এর আগে ২০১৩ সালেও বিবিসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
শুক্রবার তোরেকে বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড় হিসেবে মনোনীত করে বিবিসি। ইয়াসিন ব্রাহিমি, পিয়েরে এমেরিক আমাবায়েং, আন্দ্রে আইয়ো ও সাদি মানেকে পেছনে ফেলে তিনি এই পুরস্কার জিতেন।
তোরেই তৃতীয় খেলোয়াড় যিনি দুবার বিবিসির বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড় নির্বাচিত হলেন। তোরের আগে নাইজেরিয়ার নানকো কানু ও জে-জে ওকোচা দুবার করে এই অ্যাওয়ার্ড জয় করেন
বিবিসির বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড় নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস ঝরে তোরের কণ্ঠে, ‘আমি অত্যন্ত গর্বিত। দর্শক-সমর্থকদের কাছ থেকে এই সম্মান পাওয়াটা অসাধারণ অনুভূতি।
বিবিসি ১৯৯১ সাল থেকে বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড় নির্বাচিত করে আসছে। প্রথমবার ঘানার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার আবেদি পেলে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। গত বছর এফসি পোর্তোর আলজেরিয়ান উইঙ্গার ইয়াসিন ব্রাহিমি এই পুরস্কার জেতেন। নানকো কানু ১৯৯৭, ১৯৯৯ ও জে-জে ওকোচা ২০০৩ ও ২০০৪ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন।











