ছাতকের দোলারবাজার ইউপির রাউলী গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে প্রায় ১৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। রোববার রাতে বৈদ্যুতিক সর্টসার্কিটে এঘটনা ঘটে। ফলে ক্ষতিগ্রস্থ ৩টি পরিবার এখন খোলা আকাশের নীচে বসবাস করছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাউলী গ্রামের মৃত নবাব মিয়া ওরফে আব্দুর রহমানের পুত্র মাওলানা তাওহীদুর রহমান, মৃত খুরশেদ আলীর পুত্র আরজু মিয়াও আবারক মিয়ার পৃথক ৩টি বসত ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাত প্রায় ১০টায় প্রথমে আবারক আলীর বসত ঘর থেকে আগুন মূহুর্তের মধ্যেই পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়েও ঘরগুলোর কিছুই রকক্ষা করতে পারেননি। গ্রামের মছলু মিয়া, সারোয়ার আহমদ, মুকিতুর রহমান অপুসহ ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান, আগুনে মৃত নবাব মিয়ার ৩পুত্র তওহীদুর রহমান, আব্দুস সামাদ, সাবাজ মিয়া ও কাপ্তান মিয়ার একই বসতঘর ছাড়াও আরজু মিয়াও আবারক মিয়ার বসত ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছই হয়ে গেছে। তাদের ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, ধান-চাল, কাপড়-চোপড়, আসবাবপত্র, মোবাইল, টিভিসহ বিভিন্ন ইলেক্ট্রিক সামগ্রী পুড়ে প্রায় ১৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। গ্রামে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের জোয়ানরা গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌছতে পারেননি বলে জানা গেছে। খবরপেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবার সব কিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারকে সহায়তার আশ্বাস দিয়ে এদের পূনর্বাসনে সকলের সহযোগিতা কামনা করেন।











