খেলাধুলা ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষটা ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। গোলশূন্য ড্রয়ে সাউথ্যাম্পটনের কাছে পয়েন্ট খুইয়েছে জোসে মরিনিয়োর দল। শনিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরু থেকে সাউথ্যাম্পটনের রক্ষণে চাপ ধরে রাখলেও গোলের দেখা পায়নি ইউনাইটেড। নবম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে রোমেলু লুকাকুর হেড পোস্টের ওপর দিয়ে উড়ে যায়।
২৮তম মিনিটে স্পেনের ফরোয়ার্ড হুয়ান মাতার শট আটকে দেন অ্যালেক্স ম্যাকার্থি। এরপর ডান দিক দিয়ে আক্রমণে ওঠা হেনরিক মিখিতারিয়ানের ক্রসে জেসে লিনগার্ডের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ইউনাইটেড সমর্থকদের হতাশা বাড়ে।
দ্বিতীয়ার্ধেও মাতা-পগবারা দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি। শেষ দিকে পগবা তড়িৎ টোকায় বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
চলতি লিগে পঞ্চম ড্র করা ইউনাইটেড ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ২০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে সাউথ্যাম্পটন।











