ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সামনে আত্মঘাতী বোমা হামলায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হন আরো অন্তত ১৭ জন। একইস্থানে কিছুক্ষণ পরে আরেকটি অবিস্ফোরিত বোমার বিস্ফোরণ ঘটে। এতে ইন্সপেক্টর মনির ও ইন্সপেক্টর আবু কয়ছর নিহত হয়েছেন। এসময় দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশীদ আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি শিববাড়ির ‘আতিয়া মহল’-এর জঙ্গি আস্তানায় অদূরে অবস্থিত। ওই আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালীন সময়ে এই হামলার ঘটনা ঘটলো। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ‘সিলেট মানচিত্র’র ফটো সাংবাদিক মো. আজমল আলীসহ ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে প্যারা কমান্ডো। সকাল ৯টা ৩৫ মিনিটে ‘অপারেশন টোয়ালাইট’ শুরু করে সেনাবাহিনী। ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের সাঁজোয়া যান ও কয়েকটি অ্যাম্বুলেন্স। ‘আতিয়া মহলে’সন্দেহভাজন জঙ্গি আস্তানা শনিবার সকালেই ঘিরে ফেলেন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











