জাকির সিকদার,সাভার প্রতিনিধি : সাভারে ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় শফুর উদ্দিন (২৫) নামে যমুনা ন্যাচারাল পার্কের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে । অপরদিকে ধামরাই ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার সকালে ওই নিরাপত্তাকর্মী কর্মস্থলে যাওয়ার সময় রাস্তা পার হতে এ দুর্ঘটনার শিকার হন। সে নগরকোন্ডা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে নিহতের নিজ এলাকায় নিয়ে যায়।
অপরদিকে ঢাকা আরিচা মহাসড়কের থানার রোড এলাকায় লেগুনা নূরানী পরিবহন ও এসবি লিংক নামের দুইট যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এঘটনায় আহত হয়েছে বাসের ৭ যাত্রীসহ লেগুনায় থাকা ৩জন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে লেগুনার চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, দুর্ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে। সেই সাথে দুর্ঘটনাকবলিত লেগুনা ও নূরানী পরিবহনের যান দুটি উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে।











