আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেল জয়ী সংগঠন ‘ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স’ বা সংক্ষেপে আইক্যান তাদের নোবেল পুরষ্কারটি গ্রহণ করেছে। রবিবার পুরষ্কার প্রদান অনুষ্ঠানে সংগঠনটির পক্ষে এটি গ্রহণ করেন বেট্রিস ফিন।
তবে এদিন আইক্যানের নির্বাহী পরিচালক বেট্রিস ফিন বলেন, পুরষ্কার নয়, পরমাণু অস্ত্র ‘নিষিদ্ধকরণের আহবানই’ এখন সবথেকে জরুরি।
এছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার ভেতর চলমান উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক নেতৃত্বের ‘মুহূর্তের উত্তেজনায়’ বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধ লেগে যেতে পারে। আমাদের সামনে বিকল্প হচ্ছে হয় পারমাণবিক অস্ত্র ধ্বংস করা অথবা ধ্বংসের দিন গোণা।
জাতিসংঘ ঘোষিত ‘পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি’র আওতায় বিশ্বজুড়ে এর ব্যবহার নির্মূলে সংগ্রাম করে যাচ্ছে আইক্যান। গত ৬ অক্টোবর নরওয়ের অসলোতে পুরষ্কার ঘোষণার আগে নোবেল কমিটি জানিয়েছিলো, পরমাণু অস্ত্র প্রয়োগে সম্ভাব্য মানবিক বিপর্যয়ের ব্যাপারে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ এবং ওই চুক্তির ভিত্তিতে এর নিষেধাজ্ঞা অর্জন আইক্যানের অনস্বীকার্য অবদান।
আইক্যান বা আইসিএএন মূলত বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে কাজ করে আসা এনজিওগুলোর জোট।
পুরস্কার প্রদানের আগে নোবেল কমিটির চেয়ার বেরিট রেইস অ্যান্ডারসেনও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, যেকোনো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে দায়িত্বজ্ঞানহীন নেতৃত্ব ক্ষমতায় আসতে পারে। সূত্র: আল-জাজিরা, বিবিসি











