বিনোদন ডেস্ক : আগামী সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে নতুন ছবি ‘সুপার হিরো’র শুটিং। হার্টবিট প্রোডাকশনের এই ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান, গল্প লিখছেন দেলোয়ার হোসেন দিল। ছবির মূল ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান ও শবনম বুবলী। আগামী ২৪ তারিখ তাঁদের অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে।
আশিকুর রহমান বলেন, ‘এরই মধ্যে আমাদের ছবির চিত্রনাট্য শেষ হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু করার কথা রয়েছে। আমরা প্রিপ্রোডাকশন গুছিয়ে নিয়েছি। আশা করি টানা শুটিংয়ের মধ্য দিয়ে ছবির কাজটি শেষ করতে পারব। আগামী ২৪ তারিখ শাকিব খান ও বুবলীর অস্ট্রেলিয়ায় আসার কথা রয়েছে।’
ছবির গল্প নিয়ে পরিচালক বলেন, ‘একেবারেই অ্যাকশন গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি। ছবিতে শাকিব খানকে নতুন লুকে, নতুন চরিত্রে দর্শকদের সামনে হাজির করা হবে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর শবনম বুবলী এরই মধ্যে বেশ কিছু ছবি করেছেন, আমি উনার ছবি দেখেছি, তবে আমার গল্পে দর্শক যে বুবলীকে দেখবেন তার মধ্যে একটু ভিন্নতা আছে।’
অস্ট্রেলিয়াতে ছবির দুই তৃতীয়াংশ শুটিং হয়েছে, বাকিটুকু বাংলাদেশে শুট হবে বলে জানান পরিচালক। এদিকে পরিচালকের প্রশংসা করেছেন নায়ক শাকিব খান। তিনি বলেন, ‘আমি চাই নতুন ধরনের ছবি হোক, যা বিশ্ব দরবারে নিয়ে যাওয়া যাবে। আশিক ভালো কাজ করেন, উনার একটি ছবিতে আমি এর আগেও কাজ করেছি। আশা করি এই ছবিটিও ভালো হবে। আর ‘নোলক’ ছবির কাজ অনেকটা এগিয়েছে। আশা করি আগামী ২৩ তারিখ আমি ঢাকায় ফিরতে পারব। আবার ২৪ তারিখ অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে।’
আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে কাজ করেছেন শাকিব। তবে ছবিটি এখনো পুরোপুরি শেষ হয়নি। তথ্যসূত্র: এনটিভি অনলাইন











