ঢাকা, ২৬ নভেম্বর, ২০১৫- লিন্ডে গ্রুপের গ্যাসেস ডিভিশনের সহযোগী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড আজ বাংলাদেশের রূপগঞ্জে একটি এয়ার সেপারেশন ইউনিট (এএসইউ) নির্মাণের জন্য ১২০ কোটি টাকা (১.৪৬ কোটি ইউরো) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই এয়ার সেপারেশন ইউনিটটি (এএসইউ) দৈনিক প্রায় ১০০ টন তরলীকৃত গ্যাস উৎপাদন করবে যা বাংলাদেশে সর্ববৃহৎ।
২০১৭ সালের মধ্যে উৎপাদন শুরু করতে যাওয়া লিন্ডের এই নতুন এয়ার সেপারেশন ইউনিট (এএসইউ) বাংলাদেশের বর্ধমান স্বাস্থ্যসেবা, ফুড এন্ড বেভারেজ, ফ্যাব্রিকেশন, ফার্মাসিউটিক্যাল, জাহাজ ভাঙ্গা এবং জাহাজ নির্মাণ শিল্পসমূহে গ্যাস সরবরাহ করবে এবং এ স¤পর্কীত অন্যান্য সেবা দেবে।
রূপগঞ্জে নির্মিতব্য প্ল্যান্টটি বাংলাদেশে লিন্ডে’র উৎপাদন ক্ষমতা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দেবে। এর মাধ্যমে বাংলাদেশের শীর্ষস্থানীয় গ্যাস উৎপাদনকারী হিসেবে লিন্ডের অবস্থান আরো সুদৃঢ় হবে। এছাড়াও রূপগঞ্জে একটি সর্বশেষ প্রযুক্তির সিলিন্ডার ফিলিং সাইট নির্মাণ করা হবে যা সকল শ্রেণীর গ্রাহকদের বিভিন্ন ধরণের সিলিন্ডার প্রোডাক্ট সরবরাহ করবে।
নতুন বিনিয়োগের ঘোষণা দেবার জন্য অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে লিন্ডে গ্যাসের সাউথ এশিয়ান বিজনেসের কান্ট্রি ক্লাস্টার হেড মলয় ব্যানার্জী বলেন, “এই বিনিয়োগের মাধ্যমে এই অঞ্চলে প্রবৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে লিন্ডের সদিচ্ছার প্রকাশ ঘটেছে”।
মলয় ব্যানার্জী আরো বলেন, “গত কয়েক দশকের ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পেরে আমরা উচ্ছসিত। দক্ষিণ এশিয়ায় আমাদের সার্বিক ব্যবসায়ের ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের দৃষ্টিতে এই বাজারের সম্ভাবনা প্রচুর। আমাদের এই বিনিয়োগ একটি ভবিষ্যতের বিনিয়োগ, এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশীয় অঞ্চলে আমাদের গ্যাসসেবার পরিধি বাড়াতে আরো সহযোগীতা করবে”।











