ডেস্ক নিউজ : খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রাজধানীতে মহড়া দিয়েছেন ঢাকা দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে মহড়া শুরু করে ছাত্রলীগ।
ছাত্রলীগের নেতাকর্মীরা পল্টন, বিএনপি অফিসের সামনে, বিজয়নগর, শান্তিনগর, মালিবাগসহ বিভিন্ন এলাকায় মহড়া দিতে দেখা গেছে। মোটরসাইকেল বহরে নেতৃত্ব দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এর আগে ৭ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্ট দেন আসাদুজ্জামান আসাদ। তিনি লিখেন, ‘৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়া রায়কে কেন্দ্র করে যে কোন প্রকার নৈরাজ্য নাশকতা মোকাবেলা করতে অতন্ত প্রহরীর মত রাজপথে পাহারায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত প্রত্যেকটি থানা এবং কলেজের নেতৃবৃন্দ।’
যদিও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এক বিবৃতিতে জানিয়েছিলেন, ৮ ফেব্রুয়ারি কোন ধরনের মিছিল, সমাবেশ বা জমায়েত করা যাবে না।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা শুনতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে উপস্থিত হচ্ছেন।











