আন্তর্জাতিক ডেস্ক : ডেস্ক নাইজেরিয়ার একটি স্কুল থেকে ১১০ জন ছাত্রী নিখোঁজ হয়েছেন। গত সপ্তাহে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ওই ছাত্রীদের অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে প্রথমে এই অপহরণের বিষয়টি অস্বীকার করলেও পরে খবরের সত্যতা নিশ্চিত করেছে নাইজেরিয়ান সরকার। খবর বিবিসির।
অপহরণের শিকার ১১০ ছাত্রীর খোঁজ না পাওয়ায় কর্তৃপক্ষ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ও বিমান অভিযান চালাচ্ছে। গত সোমবার নাইজেরিয়ার ইয়েবো রাজ্যের ডাপচি শহরে জঙ্গিরা হামলা চালিয়ে ছাত্রীদের অপহরণ করে। প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি একটি ‘জাতীয় বিপর্যয়’ উল্লেখ করে অপহৃত ছাত্রীদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। অভিভাবকরা কর্তৃপক্ষদের দোষারোপ করে বলেছেন গত মাসে ডাপচি শহরের মূল তল্লাশিচৌকি থেকে সেনাবাহিনীদের প্রত্যাহার না করলে এঘটনা হত না।
সোমবার ডাপচি শহরে সরকারি বালিকা বিজ্ঞান ও টেকনিক্যাল কলেজে হামলার সময় শিক্ষক ও ছাত্রীরা পাশে থাকা ঝোপঝাড়ে আশ্রয় নেয়। এলাকাবাসীরা জানায় পরে নাইজেরিয়ার সামরিক বাহিনী এসে হামলাকারীদের প্রতিহত করে। প্রথমে কর্তৃপক্ষ অপহরণের কথা অস্বীকার করে জানায় ছাত্রীরা ভয়ে লুকিয়ে আছে। পরে ১১০ জন ছাত্রী নিখোঁজ হওয়ার কথা স্বীকার করে।











