ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: র্যাংগস গ্রুপের মালিকানাধীন দৈনিক সকালের খবর পত্রিকা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রকাশনায় আসার ছয় বছর পর বৃহম্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় এ খবরের সত্যতা নিশ্চিত করেন সকালের খবর এর ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়।
তিনি বলেন, আপাতত পত্রিকাটির প্রিন্ট ভার্সন বন্ধ থাকবে। তবে অনলাইন চালু থাকবে। র্যাংগস গ্রুপের প্রতিনিধিরা তেজগাঁওয়ের কার্যালয়ে এসে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেন।
কমলেশ রায় আরও বলেন, ওয়েজ বোর্ডের নিয়ম-কানুন মেনে সংবাদকর্মীদের দেনা-পাওনা মিটিয়ে দেয়া হবে।
পত্রিকায় কর্মরত এক সাংবাদিক বলেন, আজ বিকালে মালিকপক্ষ পত্রিকাটি বন্ধ ঘোষণা করেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, শিগগিরই সাংবাদিক-কর্মচারীদের সমুদয় পাওনাদি পরিশোধ করা হবে। কিন্তু পত্রিকাটি বন্ধের ঘোষণায় দুই শতাধিক সাংবাদিক-কর্মচারী বেকার হয়ে পড়লেন। তাদের অবস্থা কী হবে? এখন কোথায় চাকরি পাবেন। সবার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল।
প্রসঙ্গত, ২০১১ সালের ২২ মে পত্রিকাটি বের হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএস্আই











