স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার জার্সিতে চারশো ম্যাচ জয়ের হাতছানি নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিলেন দলের সেরা তারকা লিওনেল মেসি। খেলার ৮৬ মিনিটে তার থেকেই জয়সূচক গোলটি আসে। দলকে জেতানোর সঙ্গে নিজেও অনন্য এক মাইলফলকে পৌঁছে গিয়েছেন মেসি।
ম্যাচের ৬৪ মিনিটে বার্সার হয়ে প্রথম গোলটি করেন রাফিনহা। ৭০ মিনিটে দিয়েগো গডিনের গোলে সমতায় ফেরে অ্যাতলেতিকো। পরে মেসির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
বার্সার জার্সিতে ৫৬৬টি ম্যাচে মাঠে নামলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। যেখানে ৪০০টিতেই জয়ের স্বাদ পান ফুটবলের খুদে এই জাদুকর। তার খেলা ১০২টি ম্যাচ ড্র হয়, ৬৪টিতে হারের স্বাদ পেয়েছেন তিনি। তবে আজকের ম্যাচটি জিতে ক্যারিয়ার স্মরণীয়ই করে রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা মেসি।
লেগানেসের বিপক্ষে সবশেষ লিগ ম্যাচটিতে জোড়া গোল করে জয়ের সংখ্যাটা ৩৯৯-এ নিয়ে যান আর্জেন্টাইন আইকন।
২০০৪ সালে অভিষেকের পর এখন পর্যন্ত বেশিরভাগ ম্যাচেই জয় উদযাপন করেন মেসি। ৪০০টি জয়ের পথে বার্সাকে ২৯টি শিরোপা এনে দিতে রাখেন অনবদ্য ভূমিকা। যার মধ্যে রয়েছে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি।
বলা বাহুল্য, মেসির সবচেয়ে প্রিয় শিকার অ্যাতলেতিকো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে ২৭টি গোল করলেন তিনি। এর পরেই রিয়াল মাদ্রিদ (২১) ও সেভিয়া (২১)। ২০১৭ সালে এরই মধ্যে ১৫ ম্যাচে ১২টি গোল করেছেন। বর্তমানে শুধুমাত্র লা লিগা নয়, ইউরোপের নাম্বার ওয়ান গোলস্কোরার লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি, যথাক্রমে ২০, ৩৩।
বার্সার পরের তিনটি ম্যাচই ন্যু ক্যাম্পে। ঘরোয়া লিগে স্পোর্টিং গিজন, সেল্টা ভিগোর পর চ্যাম্পিয়নস লিগের বাঁচা-মরার লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে কাতালানরা।











