স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে পেসারদের অভাব দূর করতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দলে রাখা হয়েছিল তরুণ পেসার তাসকিন আহমেদকে। সীমিত ওভারের ক্রিকেটে তাসকিন এখন দলের অপরিহার্য একজন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই বড় একটি ইনজুরির ধাক্কা সামলে আসতে হয়েছে ২১ বছর বয়সী এই পেসারকে। এসেই নিজেকে প্রমাণ করেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। তাই বেশ অনেক দিন থেকে তাসকিনকে টেস্টে খেলানোর কথা থাকলেও সাহস পায়নি টিম ম্যানেজম্যান্ট। এবার প্রস্তুতি ম্যাচে দলে তার নাম না থাকায় মনে করা হচ্ছিল হয়তো এবার খেলবেন। কিন্তু প্রধান কোচের বক্তব্যে ধরে নেয়া যায় তার টেস্ট খেলা এখনই হচ্ছে না। হাথুরুসিংহে বলেন, ‘সে (তাসকিন) কি কোনো চারদিনের ম্যাচ খেলেছে? আপনারা কি মনে করছেন সে এসেই সরাসরি জাদু দেখাবে? না! ওরা তো মানুষ। জীবনে কখনো চারদিনের ম্যাচ না খেললে কাজটা কঠিন। মাঠে চারদিন দাঁড়িয়ে থাকা, দিনে ১৫ ওভার বোলিং করার মতো ব্যাপারগুলি ওর জন্য পুরোপুরি নতুন। আমি কারও ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।’











