অগ্রদৃষ্টি ডেস্কঃ তরুণ গীতিকবি বেলাল হোসেন ইশাকুল রচিত গানের এ্যালবাম ‘ও সুন্দরী ললনা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সিলেটের লোক কবি ও বাউল শিল্পীদের গান বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে স্থান করে নিয়েছে। সিলেটের বাউলদের গান গেয়ে শত শত কণ্ঠশিল্পী আজ জনপ্রিয়তার উচ্চ আসনে অবস্থান করছেন। বক্তারা আরো বলেন, হাছন রাজা, রাধা রমন, দুর্বিনশাহ, শাহ আব্দুল করিম, সকলেই আজ স্ব স্ব নামে বিশ্ব দরবারে পরিচিত। তাঁদের গান মানুষের অন্তরে গেঁথে আছে।
৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় ভাটিবাংলা গ্রুপের উদ্যোগে নগরীর সুবিধবাজারস্থ ক্যামবিয়ান স্কুল এন্ড কলেজের হলরুমে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চন্ডিপুল শাখার ম্যানেজার কবিরুল ইসলামের সভাপতিত্বে ও আমজাদ হোসেনের পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্যামবিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাবাজার ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট একরামুল হাসান শিরু, মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলাম, মাসিক বীর’র প্রকাশ কবি আজমল আহমদ, ছোট কাগজ পিঁপড়া সম্পাদক ছড়াশিল্পী মিনহাজ ফয়সল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাজেদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজিজুল হক রানা, সুরঞ্জিত তালুকদার, হুমায়ুন কবির রুবেল, ছড়াশিল্পী আকরাম ছাবিত, শাহ আলম, শামীম, রশীদ নূর, আলমগীর, আব্দুল কাদির, আলী হোসেন প্রমুখ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী এম.এইচ সম্রাট।
উল্লেখ্য যে, তরুণ এই গীতিকবি বেলাল হোসেন দীর্ঘদিন ধরে কুয়েতে বসবাস করছেন, শত কর্মব্যস্ততার মাঝেও সঙ্গীত চর্চায় অনন্য এক ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিঃস্বার্থে কাজ করছেন।











