স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার বিপক্ষের এই সিরিজই হবে তার শেষ টি-টোয়েন্টি। আজকের ম্যাচের টস নির্ধারণের সময় মাশরাফি টি-টোয়েন্টি থেকে অবসরের এ ঘোষণা দেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬.৩৫ মিনিটে নিজের ফেইসবুকের ভেরিফাইড পেজে বাংলা ও ইংরেজিতে অবসরের ঘোষণার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।অবসরের ঘোষণা দিয়ে স্ট্যাটাস দেন মাশরাফি। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও নির্ভযোগ্য ওয়েবসাইট ক্রিকইনফোও নিশ্চিত করেছে মাশরাফির অবসরের খবরটি।
অবসরের ঘোষণা দেওয়ার পর মাশরাফি তার ফেসবুকে লিখেছেন, “টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে বাংলাদেশ টিমকে ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি বর্তমান দলটি একটি ভালো দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার ওপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
বিদায় বেলায় মাশরাফি বলেন, “আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সব সময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল। আমি সব সময় চেষ্টা করেছি আমার ভক্তদের খুশি করার। আমি আমার প্রত্যেক ভক্তের কাছে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভালো খেলছি। আমি নিশ্চিত বাংলাদেশ সামনের দিনগুলো তেও ভালো ক্রিকেট খেলবে।”
তিনি বলেন, “আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময় যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। আমি বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ককে আগাম অভিনন্দন জানাই ও আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে।”
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











