ডেস্ক নিউজ : আওয়ামী লীগ খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিষয়টি নিয়ে সরকারকে সতর্ক করে দিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এই পরিকল্পনা থেকে সরে না আসলে ভবিষ্যতে ক্ষমতাসীনদের উচ্চমূল্য দিয়ে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, আওয়ামী লীগ খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচন থেকে বিরত রাখার কৌশল হাতে নিয়েছে। আমি তাদেরকে অনুরোধ করব, এই পিচ্ছিল পথে চলবেন না। এই পথে একবার চলে পঁচাত্তর সালে উচ্চমূল্য দিতে হয়েছে আপনাদের।
তিনি বলেন, যদি খালেদা জিয়াকে নির্বাচন থেকে বিরত রাখার এই পিচ্ছিল পথে চলেন তাহলে আগামীতে আরো বেশি উচ্চমূল্য দিয়ে বিদায় নিতে হবে আপনাদের।
আওয়ামী লীগ নিজেদের আত্মরক্ষার জন্য বিচার বিভাগের স্বাধীনতা হরণ এবং খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অপ্রচার করছে বলেও দাবি করেন বিএনপির এই নীতিনির্ধারক।
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে এই সভার আয়োজন করে ‘স্বদেশ জাগরণ পরিষদ’ নামের একটি সংগঠন।
আমির খসরু বলেন, আওয়ামী লীগের দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে তা থেকে নিজেদের রক্ষা করতে উল্টো তারা এখন মানুষকে আক্রমণ করছেন। খালেদা জিয়া দুর্নীতি করেছেন এমন কোনো প্রমাণ আওয়ামী লীগের হাতে নেই। কারণ সৌদিতে খালেদা জিয়ার যেসব সম্পদের কথা বলা হচ্ছে, সে রকম কিছুর অস্তিত্বই নেই। সরকার মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে হয়রানি করছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি কামরুজ্জমান সেলিমের সভাপতিত্বে প্রতিবাদ অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ।











