অগ্রদৃষ্টি ডেস্ক:: রায় ইতালির শীর্ষ আদালতের রাস্তায় হঠাত্ শোরগোল। খানিকটা দূরে চোখে পড়ল শীর্ণকায় এক কিশোরকে বেধড়ক পেটাচ্ছে ক্ষিপ্ত জনতা। কাছে যেতে জানা গেল খিদের তাড়নায় রাস্তার ধারের একটি দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট তুলে সে দৌঁড় দিয়েছিল। কিন্তু যেতে পারেনি বেশি দূর। এমন ঘটনা এদেশে আখছাড়ই হয়ে থাকে। শুধু এদেশে হয় বললে ভুল বলা হবে। এই চিত্র কম বেশি পৃথিবীর সব দেশেই নজরে পড়ে।
ইতালিও ব্যতিক্রম নয় মোটেই। সেখানেও ‘খাবার চোর’-দের কপালে কখনও জোটে মার কখনও জেল হেফাজত। কিন্তু এবার থেকে ইতালিতে এই পরিচিত ছবিতে আসতে চলেছে আমূল পরিবর্তন।
ইতালির শীর্ষ আদালত রায় দিয়েছে, খিদের তাড়নায় অথবা অভাবের কারণে অসহায় অবস্থায় যদি কেউ সুপারমার্কেট বা অন্য কোনও দোকান থেকে খাবার চুরি করে খান, তাহলে তা কোনওভাবেই অপরাধ নয়। ২০১১ সালে উত্তরপশ্চিম ইতালির জেনোয়া শহরের একটি সুপারমার্কেট থেকে খাবার চুরির মামলার শুনানিতে সোমবার এই চূড়ান্ত রায় দেয় সুপ্রিম কোর্ট।











