চট্টগ্রাম থেকেঃ নজিরবিহীন নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় চট্টগ্র্রামের মিডিয়াপাড়া খ্যাত জামালখানের ঐতিহ্যবাহী খাস্তগীর স্কুলে ভোটগ্রহণ শুরু হয়। বিএনপি-জামায়াতের প্রার্থীবিহীন এ নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক (স্বাচিপ) পরিষদভুক্ত চিকিৎসকদের দুটি পৃথক প্যানেল নগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতারা আশীর্বাদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।
কেন্দ্রের প্রধান ফটকের ভেতরে দুই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ডা. আ ম ম মিনহাজ ও ডা. ফয়সল ইকবাল চৌধুরী ভোটারদের স্বাগত জানাচ্ছেন।
ভোটাররা জানিয়েছেন, বিএমএর চট্টগ্রাম শাখার ইতিহাসে প্রথম কার্যালয়ের বাইরে কোনো বড় পরিসরে ভোট গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, একজন ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন এবং ডজনখানেক ক্লোজসার্কিট (সিসি) ক্যামেরা থাকায় তারা স্বস্তিবোধ করছেন।
প্রধান নির্বাচন কমিশনার ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার বাংলানিউজকে জানান, নজিরবিহীন নিরাপত্তার মধ্যে এবার খাস্তগীর স্কুলে বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো মূল্যে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও ফল প্রকাশ করা হবে।
তিনি জানান, ৪ হাজার ৪৯২ জনের নাম আছে ভোটার তালিকায়। সে হিসেবে ৩২টি কক্ষে (স্টেশন) পর্যাপ্ত বুথ স্থাপন করা হয়েছে। ৯৬ জন পোলিং অফিসার ও ৬৪ জন এজেন্ট ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন।











