ডেস্ক নিউজ : রাজধানীর বাড্ডার একটি মার্কেটে ব্যাগ ভর্তি বোমা রেখে পালিয়ে গেছে এক যুবক। ঘটনার পর দোকানি ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে বোমা ভর্তি ওই ব্যাগটি উদ্ধার করে। সোমবার দুপুরে গুলশান-বাড্ডা লিংক রোডের গোদারাঘাট এলাকার (ফুট ওভারব্রিজের নিচে) তানহা প্লাজায় এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত ব্যাগে দুটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছিল বলে জানা গেছে। এগুলো উদ্ধার করে ধ্বংস করেছে পুলিশের বোমা নিস্ক্রিয় দল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘আজ দুপুর ১২টার দিকে তানহা প্লাজার সিঁড়িতে একটি কালো ব্যাগ রেখে দ্রুত কেটে পড়েন এক যুবক। যাওয়ার সময় ওই যুবক বলতে থাকেন- ‘ব্যাগে বোমা আছে’। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ছুটোছুটি শুরু করে দেয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ব্যাগে বোমা আছে- এ খবর পাওয়ার পর ধারণা করা হয়েছিল কেউ হয়ত তামাশা করছে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে থানার পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশের বোমা নিস্ক্রিয় দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।
নজরুল ইসলাম বলেন, বোমা নিস্ক্রিয় দল এসে দীর্ঘক্ষণ পরীক্ষার পর নিশ্চিত হয় যে, ব্যাগে আইইডি বোমা আছে। পরে বিকাল ৫টার দিকে এগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। তাৎক্ষণিকভাবে বোমা রেখে যাওয়া ওই যুবকের কোন পরিচয় জানা যায়নি। সিসি ফুটেজ দেখে বোমাবহনকারীকে শনাক্ত করা হবে বলে জানা গেছে।











