আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন শিগগিরই তেহরান সফরে আসছেন বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
তিনি তেহরানে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান। কাসেমি বলেন, আগামী সপ্তাহে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর করবেন এবং তার পরপরই প্রেসিডেন্ট ম্যাকরনের সফর অনুষ্ঠিত হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাতিল করার চেষ্টা করছেন তখন ইউরোপীয় ইউনিয়ন এই সমঝোতা বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই সমঝোতা বাস্তবায়নের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন।
এদিকে, ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নারী সাংবাদিক নজানিন যাগারি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের কারাগার থেকে মুক্তি পাবেন বলে ব্রিটিশ গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন কাসেমি।
তিনি বলেন, যাগারি ইরানি নাগরিক হিসেবে এদেশের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে নির্ধারিত সময় পর্যন্ত কারাভোগ করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং আদালত যে শাস্তি ঘোষণা করেছে তা তার প্রাপ্য ছিল।
ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নারী সাংবাদিক নজানিন যাগারি ইরান সফর করে ব্রিটেনে ফিরে যাওয়ার পথে ২০১৬ সালের ৩ এপ্রিল তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন। পরে ইরানের ইসলামি সরকার বিরোধী প্রচারণা চালানোর দায়ে তেহরানের একটি আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ব্রিটিশ গণমাধ্যম দাবি করেছে, ‘থমসন রয়টার্স ফাউন্ডেশন’র হয়ে কাজ করছিলেন যাগারি। (পার্সটুডে)











