সিলেট সংবাদদাতা: সিলেট বিভাগে কাল রবিবার থেকে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এবং জেলা ট্রাক ও পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল কাহের ইজু।
তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, সিলেট-তামাবিল-জাফলং-বিছনাকান্দি ও শ্রীপুর সড়ক থেকে বাঁশকল উচ্ছেদ,হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ, সিটি, পৌরসভা ও ইউনিয়ন ট্যাক্স বন্ধ, অতিরিক্ত টোল আদায় ও শ্রমিক নির্যাতন বন্ধ, কোম্পানীগঞ্জ-বিছনাকান্দি সড়কে ডাকাতি বন্ধ এবং বিগত ১৯/২০ বছর ধরে রয়েলিটির নামে আত্মসাৎ করা কোটি টাকা ফেরত দেওয়া।
সংবাদ সম্মেলনে জেলা ট্রাক ও পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘোষিত কর্মসূচি থেকে পিছপা হবেন না।











