মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় বরেণ্য ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে শহরের সৈয়দ মুজতবা আলী মিলনায়তন প্রাঙ্গণে তমদ্দুন মজলিশ জেলা শাখা ও ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তমদ্দুন মজলিশের জেলা সভাপতি ও প্রর্ষদের উপদেষ্টা লেখক-গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু’র সভাপতিত্বে এবং খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাদিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শাহ আব্দুল ওদুদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, প্রিন্সিপাল রফি উদ্দিন, সিরাজুল ইসলাম সিদ্দিকী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

।সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বদরুজ্জামানের সক্রিয় ভূমিকার স্মৃতিচারণ করেন। এমসি কলেজের তৎকালীন এই শিক্ষার্থী পাকিস্তান সরকারের উর্দুকে রাষ্ট্রভাষা করার চক্রান্তের বিরুদ্ধে রাজপথে লড়লেও আজীবন প্রচারবিমুখ ছিলেন। কোনো রাষ্ট্রীয় স্বীকৃতির তোয়াক্কা না করে দেশ ও ভাষার সেবা করে যাওয়া এই কৃষিবিদ স্থানীয়ভাবে

‘ছুটই মিয়া’ নামে পরিচিত ছিলেন। আলোচনায় সিলেটি ভাষার বিশ্বজনীন গুরুত্বও উঠে আসে; বিশ্বে প্রচলিত প্রায় ৭ হাজার ভাষার মধ্যে সিলেটি ভাষার অবস্থান ৯৭তম উল্লেখ করে বক্তারা স্থানীয় ইতিহাস ও ভাষা সংরক্ষণে গবেষণার ওপর জোর দেন। পরিশেষে, ২০২২ সালে প্রয়াত এই ভাষা বীরের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।











