অগ্রদৃষ্টি ডেস্কঃ নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন বাংলাদেশের হাসি মুখের ঘাতক মুস্তাফিজুর রহমান। না, তার কাটার, স্লোয়ার বা ইয়র্কার দিয়ে নয়। এই রেকর্ড গড়তে যাচ্ছেন অনলাইনের একটি জরিপে। আইপিএলের নবম আসরে ‘Emerging Player of the Season’ শিরোনামে অনলাইনে ভোটের মাধ্যমে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচন করা হচ্ছে। এই দৌড়ে শীর্ষে আছেন মুস্তাফিজ- এটা পুরান খবর। নতুন খবর হলো, এই জরিপে তার প্রতিদ্বন্দ্বিরা তার ধারেও ঘেষতে পারছেন না। এ তালিকায় মোট পাঁচজন বোলার আছেন। তারা হলেন মুস্তাফিজুর রহমান, জসপ্রিত বুমরাহ, কেন রিচার্ডসন, মুরুগান অশ্বিন, শিবিল কৌশিক। আশ্চর্যের ব্যাপার হলো, আইপিএল শেষ হতে এখনো বেশ কয়েকটা ম্যাচ বাকি। কিন্তু এরই মধ্যে সর্বোচ্চ ভোট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন কাটার বয় মুস্তাফিজ। অনলাইনে এই প্রক্রিয়ায় মুস্তাফিজ পেয়েছেন ৯৮.২ শতাংশ ভোট! তার প্রতিদ্বন্দ্বি ভারতীয় বোলার জাসপ্রিত বুমরাহ মাত্র ০.৯ শতাংশ ভোট নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে! এই জরিপ দেখে বোঝা যাচ্ছে, মুস্তাফিজের জনপ্রিয়তার ধারে-কাছেও কেউ নেই। তাই ভোট প্রাপ্তির নতুন রেকর্ড গড়ে মুস্তাফিজ যে আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড় হচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না। অনলাইন ভোটের তালিকা : অনলাইনে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যে কেউ। মুস্তাফিজকে ভোট দিতে www.iplt20.com ঠিকানায় প্রবেশ করে ইমার্জিং প্লেয়ারের (Emerging Player of the Season) অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে মুস্তাফিজকে ভোট দেয়া যাবে।











