এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ প্রস্তাবিত অষ্টম পে-স্কেল পুনঃনির্ধারণের দাবি না মানলে আগামী ১১ আগস্টের পর থেকে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রোববার বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে রাবি শিক্ষক সমিতির আয়োজনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলাকালে সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা এ হুমকি দেন।
সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা বলেন, ‘প্রস্তাবিত বৈষম্যমূলক অষ্টম বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছে। আগামী ১১ আগস্ট ঢাকায় আমাদের একটা সভা আছে। এরপরও যদি দাবি মানা না হয় তবে ১১ আগস্টের পর থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে। এমনকি গণঅনশন কর্মসূচিও পালন করা হতে পারে।’
কর্মসূচিতে আরো বক্তব্য দেন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শাতিল সিরাজ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, প্রাণিবিদা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক প্রমুখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











