খেলাধুলা ডেস্ক : ২০১৮ আইসিসি টি২০ মহিলা বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ। এ্যন্টিগা, বারবুডা, গায়ানা এবং সেন্ট লুসিয়ায় ৯-২৪ নভেম্বর এ মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হবে বলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) পক্ষ থেকে জানানো হয়েছে।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে গায়ানার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে। পক্ষান্তরে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে এন্টিগা ও বারবুডার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে।
আইসিসি প্রধান নির্বাহি ডেভিড রিচার্ডসন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল বর্তমান চ্যাম্পিয়ন এবং আমার কোন সেন্দহ নেই যে, নিজ মাঠে তারা শিরোপা অক্ষুন্ন রাখতে চাইবে ।’
দশ দল নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ইতোমধ্যেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা খেলার যোগ্যতা অর্জন করেছে।
বাকি দুই দলকে বাছাই পর্ব খেলে মুল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। চলতি বছরের জুলাইয়ে নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ, হল্যান্ড, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা অথবা সংযুক্ত আরব আমিরাত। (বাসস)











