স্পোর্টস ডেস্ক: ২০তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে প্রথম ম্যাচ জিতে নিলেন সুইস তারকা রজার ফেদেরার। মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ম্যাচে স্লোভেনিয়ার আলজ্যাজ বেদেনেকে হারিয়ে যাত্রা শুরু করলেন রজার। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই ২০তম মেজর জয়ের বার্তা দিয়ে রেখেছিলেন ৩৬ বছরের এই সুইস তারকা। রড লেভার এরেনায় এই ম্যাচে ফেদেরার ৬-৩, ৬-৪ ও ৬-৩ সেটে হারালেন বেদেনকে।
শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতেই রেখেছিলেন ফেদেরার। প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়াতে দেননি একবারও। প্রতি সেটে একটা ব্রেকই যথেষ্ট ছিল তার জন্য। বিশ্বের দুই নম্বর টেনিস তারকার এই মুহূর্তে লক্ষ্য ২০তম গ্র্যান্ড স্লাম। অফ-ফর্ম ও চোট থেকে গত বছর অস্ট্রেলিয়ান ওপেনেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। ফলে ১৮তম গ্র্যান্ড স্লাম ওঠে তার হাতে। এরপর ১৯তম গ্র্যান্ড স্ল্যামটি জিতেছিলেন উইম্বলডন হাতে তুলে নিয়ে। এবার তার সামনে ২০-এর হাতছানি।
ফেদেরারের পাশাপাশি প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন নোভাক জকোভিচও। সার্বিয়ান তারকা প্রায় ছয় মাস ছিলেন কোর্টের বাইরে। তিনি আমেরিকার ডোনাল্ড ইয়ংকে হারালেন ৬-১, ৬-২, ৬-৪ সেটে। মার্গারেট কোর্ট এরেনায় এই ম্যাচ চলে ১ ঘণ্টা ৫১ মিনিট। রজার ফেদেরারে ম্যাচ চলে ১ ঘণ্টা ৩৯ মিনিট পর্যন্ত।











