শ্রীলংকার সলিড এফসি’কে উড়িয়ে দিয়েছে ঢাকা মোহামেডান। শুক্রবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ৬-১ গোলে জয় তুলে নেয় দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। কোনো আন্তর্জাতিক ম্যাচে এটি দ্বিতীয় সর্বোচ্চ গোল সাদা-কালো শিবিরের। নব্বইয়ের দশকে ৮-২ গোলে নেপালকে হারিয়েছিল ঢাকা মোহামেডান। এই জয়ে সেমির আশা জিইয়ে রাখলেন অরূপ-জনিরা।
গতিসম্পন্ন ফুটবল খেলে ঢাকা মোহামেডান টানা আক্রমণ চালায়। ১০ মিনিটেই ফল আসে। ডানপ্রান্ত থেকে মোহামেডানের ইব্রাহিমের স্কোয়ার পাস থেকে মধ্য মাঠের খেলোয়াড় মাসুদ মিয়া জনির বাড়ানো বল ফয়সাল মাহমুদ দক্ষতার সঙ্গে প্লেসিং শটে জালে জড়ান। ১-০তে এগিয়ে যায় মোহামেডান। ১৮ মিনিটে বাঁপ্রাস্ত থেকে নাবিব নেওয়াজ জীবনের থ্র“ পাসে মাসুদ মিয়া জনি আলতো টোকায় ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। ২৪ মিনিটে মিন্টু শেখের ক্রসে বক্সের ভেতর থেকে গোলরক্ষক ডানিয়েল ফিস্ট করলে বড় বক্সের ওপরে মোহামেডানের অধিনায়ক অরূপ কোনাকুনি শটে গোল করেন (৩-০)। ৩৩ মিনিটে ডানপ্রান্ত থেকে অধিনায়ক অরূপের ক্রসে ফাঁকায় বল পেয়ে যান
জীবন। গোল করতে তাকে বেগ
পেতে হয়নি (৪-০)। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সলিড এফসি’র ব্যবধান কমান (৪-১)।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে ঢাকা মোহামেডান। ৪৮ মিনিটে ফয়সাল মাহমুদের কর্নার কিকে লেমিনে ক্যামেরার হেড সলিড এফসি’র জালে প্রবেশ করলে ৫-১ গোলে এগিয়ে যায় ঢাকা মোহামেডান। ৭৪ মিনিটে ডানপ্রান্ত থেকে তৌহিদুল আলম সবুজের ক্রসে সোহাগ দর্শনীয় প্লেসিং শটে গোল করলে ৬-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মোহামেডান।











