মৌলভীবাজার প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আর্থিক লেনদেনে ডিজিটাল ব্যবস্থার প্রসারে মৌলভীবাজারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) পূর্বালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার উদ্যোগে বেলা ১১টায় পৌর মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। পূর্বালী ব্যাংক মৌলভীবাজার শাখাপ্রধান দেওয়ান আরিফুল করিমের সভাপতিত্বে এবং নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসান আহমদ জাবেদ, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক শামীম আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম সেফুল এবং সাংবাদিক দেওয়ান মোনাকিব চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাজিব হোসেন বলেন, “নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেন বৃদ্ধি করা বর্তমান সময়ের দাবি। ক্যাশলেস ব্যবস্থা চালু হলে লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সময়ও সাশ্রয় হবে।” অন্যান্য বক্তারা ক্যাশলেস লেনদেনের সুবিধা তুলে ধরে সর্বস্তরের মানুষকে এই ব্যবস্থার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আদালত সড়কস্থ পূর্বালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।











