জাকির সাভার,ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে সোমবার ‘বিশ্ব নগর পরিকল্পনা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল দশটায় এক র্যালি বের করা হয়। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সমাজবিজ্ঞান
অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন, বিভাগীয় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়। বেলা এগারোটায় জহির রায়হান মিলনায়তনে ‘আবাসন পুনর্গঠন: সমাজ সুদৃঢ়করণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার উদ্বোধনকালে উপাচার্য তাঁর ভাষণে বলেন, নগর পরিকল্পনায় চিন্তাশীল সহযোগিতা প্রয়োজন। নগর পরিকল্পনাবিদগণ এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, নগর পরিকল্পনা এমন হওয়া উচিত যাতে যে কোন বস্তিতে নির্বিঘেœ অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি সেবা দিতে পারে। উপাচার্য নগর পরিকল্পনায় সীমিত পরিসরে অধিক সুবিধা লাভের ওপর গুরুত্ব আরোপ করেন। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি ড. শফিক উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন। আরো বক্তব্য রাখেন বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম।











