তথ্য ও প্রযুক্তি ডেস্ক : চার দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মেগা ইভেন্ট ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ আগামীকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে। তথ্য প্রযুক্তি (আইটি) খাতে সম্ভাবনার দুয়ার খোলার লক্ষ্যে এ অনুষ্ঠানে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও অর্জন তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করবেন।
কয়েকটি আইটি সংগঠনের সহযোগিতায় আইসিটি বিভাগ ও বেসিস ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’-এর আয়োজন করেছে, যার প্রতিপাদ্য হচ্ছে- ‘রেডি ফর টুমরো’। গত ৯ বছরেরও বেশি সময়ে আইসিটি সেক্টরে বাংলাদেশের যে অর্জন তা নিয়ে বাংলাদেশ আগামীর জন্য প্রস্তুত বলে এবছরের প্রতিপাদ্যে ইঙ্গিত করা হয়েছে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
এই প্রদর্শনী বিশ্ব সম্প্রদায়ের পাশাপাশি দেশের মানুষের উদ্ভাবন, ডিজিটালাইজেশন উদ্যোগ, উৎপাদন ও দেশের মানুষকে সেবা প্রদানে সুযোগ সৃষ্টি করবে বলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। জ্ঞান বিনিময় ও নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন নতুন চিন্তা-ভাবনার উদ্ভব ও সমাধান এবং ব্যবসা সৃষ্টির সুযোগ করে দেবে বলেও তারা বাণীতে উল্লেখ করেন। (বাসস)











