খেলাধুলা ডেস্ক : আগের দিন নিজ নিজ ম্যাচে জিতে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছিল রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়া। লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করেছে এরনেস্তো ভালভেরদের দল।
রোববার রাতে লা লিগায় দ্বিতীয়ার্ধে অনেকটা সময় এক জন কম নিয়ে খেলা ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ভাগ্য বিরূপ না হলে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। জেরার্দ পিকের হেড ক্রসবারে লাগলে সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা।
ষোড়শ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার রবের্তো সোরিয়ানোর দারুণ শট ঠেকিয়ে দেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ৩৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ৫৮তম মিনিটে মেসির আরেকটি শট পোস্ট ঘেঁষে চলে যায়। ৬৭তম মিনিটে জর্দি আলবার ক্রসে সুয়ারেসের প্রচেষ্টা পোস্টে বাধা পেলে বার্সেলোনার হতাশা বাড়ে।
৭২তম মিনিটে অবশেষে অতিথিদের গোলের অপেক্ষা শেষ হয়। পাকো আলকাসেরের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে লক্ষভেদ করেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস।
৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন মেসি। বুসকেতসের পাস ধরে দারুণ ক্ষিপ্রতায় দুজনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এই নিয়ে এবারের লিগে এ পর্যন্ত সর্বোচ্চ ১৪টি গোল করলেন আর্জেন্টাইন তারকা মেসি। সুয়ারেসের গোল সাতটি।
১৫ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৯। ১০ জয় ও চার ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভালেন্সিয়া।











