বিশেষ প্রতিনিধি: ‘গৃহস্থলী ও সেবামূলক কাজের স্বীকৃতি নারীর মর্যাদা বৃদ্ধি করে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঝিনাইদহ শহরের পাগলাকানাইস্থ এসএম মতলুবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় রাষ্ট্রীয় কার্যক্রম এবং জনগণের অংশগ্রহণ জোরদারকরণ প্রকল্প এর আওতায়, নারী পক্ষ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়েলফেয়ার এফোর্টস (উই) এ প্রতিযোগিতার আয়োজন করে। উপরোক্ত বিষয় ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার পক্ষে কিশোর দল ও বিপক্ষে কিশোরী দল অংশগ্রহণ করে। উভয় পক্ষের ৫ জন করে বক্তা প্রতিযোগিতায় বক্তব্য রাখেন। তর্ক বিতর্ক শেষে পক্ষ (কিশোর গ্রুপ) প্রতিযোগিতায় বিজয়ী হয়।
ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও এসএম মতলুুবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভপতি আনিসুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, আমেনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, মানবাধিকার কর্মী ও সাংবাদিক আমিনুর রহমান টুকু প্রমুখ।











