বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে সরকার উঠেপড়ে লেগেছে। সরকার খালেদা জিয়াকে প্রতিদ্বন্দ্বী ভাবেন। খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানই হবে মূল প্রতিদ্বন্দ্বী। এর কারণেই তার বিরুদ্ধে এত মিথ্যাচার, এত অভিযোগ। তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার প্রেস ক্লাবে জাতীয়তাবাদী যুবদলের এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার তারেক রহমানের বিরুদ্ধে নয় বছরে নয় পয়সারও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি। কারণ তারেক রহমান কোনো দুর্নীতি করেননি।
নজরুল ইসলাম খান বলেন, আগামী দিনে বাংলাদেশের জনগণ দায়িত্ব দিলে তা কীভাবে পালন করবেন, তারেক রহমান সেই প্রস্তুতি নিচ্ছেন। ঢাকার যানজট নিয়েও তিনি ভাবছেন।
যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান এখনো অসুস্থ। এ অবস্থায় দেশকে নিয়ে ভাবছেন, দেশের জনগণকে নিয়ে ভাবছেন। তার প্রিয় দল বিএনপিকে নিয়ে ভাবছেন। দেশের অর্থনীতি, উন্নয়ন, নারী ও শিশুর কল্যাণ, মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে ভাবছেন। এসব বিষয় নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ও পড়াশোনা করছেন। আমরা নিশ্চিত, তার এই ভাবনা আমাদের জন্য দেশের এবং দেশের জনগণের জন্য কাজে লাগবে।











