ডেস্ক রিপোর্ট- কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান বিশেষ পরিস্থিতি বিবেচনায় সব ধরনের ভিজিট ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাস বৃদ্ধি এবং দেশের বাইরে থাকা প্রবাসীদের জন্য অতিরিক্ত তিন মাসের অনুপস্থিতির অনুমতি প্রদানের ঘোষণা দিয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে, তাদের ভিসার মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে এবং এটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে, যার জন্য রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগে যাওয়ার বা কোনো আবেদন করার প্রয়োজন নেই এবং এই সময়ের জন্য সব ধরনের ফি ও জরিমানা মওকুফ করা হয়েছে।
অন্যদিকে, যেসব প্রবাসী বর্তমানে কুয়েতের বাইরে রয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে না পেরে অনুপস্থিতির সময়সীমা অতিক্রম করেছেন, তাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে আরও তিন মাস সময় বাড়ানো হয়েছে যা কোনো ব্যক্তিগত প্রক্রিয়া বা ফি ছাড়াই কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দেশের পরিস্থিতির ওপর ভিত্তি করে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে এবং সাধারণ মানুষকে যেকোনো আপডেটের জন্য সরকারি চ্যানেলের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যে শুরু হওয়া ভয়াবহ যুদ্ধের প্রভাবে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে কুয়েত সরকার সব ধরনের ভিজিট ভিসার মেয়াদ এবং প্রবাসীদের ফেরার সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ বা সীমিত হয়ে পড়ায় হাজার হাজার প্রবাসী এবং ভ্রমণকারী আটকা পড়েছেন।











