বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের আসর। এ বছর ৯০তম আসর উদ্যাপন করেছে সবচেয়ে সম্মানজনক এই অ্যাওয়ার্ড।
চলচ্চিত্র দুনিয়ার সর্ববৃহৎ পুরস্কার ‘অস্কার’-এর এবারের আয়োজনে লালগালিচা আলোকিত করেন হলিউডের নামকরা সব অভিনেতা-অভিনেত্রীরা। পাশাপাশি উজ্জ্বল উপস্থিতি ছিল অন্য অঙ্গনের জনপ্রিয় তারকাদের। এ অনুষ্ঠানে বিশ্বজুড়ে দর্শক উপভোগ করেন বিভিন্ন ফ্যাশন ডিজাইনারের ডিজাইন করা হরেক রকম জুয়েলারি ও সাজ-পোশাক।
প্রতিবারের মতো এবারও অ্যাওয়ার্ডের ফাঁকে ফাঁকেই দেয়া হয়েছিল বিজ্ঞাপন বিরতি। এই ফাঁকে দর্শকেরা কেউ হয়তো কফি বানাতে যাচ্ছেন, কেউ বিরতি পেয়ে জরুরি কোনো কাজ সেরে নিয়েছেন। এমনকি হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সও এই বিরতি কাজে লাগিয়েছেন। কিন্তু জনপ্রিয় এ তারকার কাণ্ডে বিস্মিত সবাই। বিরতির সময় মেরিল স্ট্রিপের সঙ্গে দেখা করতে খালি আসন গুলোর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে স্ট্রিপের সামনে যান লরেন্স। এসময় উপস্থিত সবাই বিস্মিত হয়ে পড়েন। অনেকেই বিষয়টি নিয়ে মজাও করেছেন। লরেন্সের এমন কাণ্ড সবার দৃষ্টি কেড়েছিল।
এর আগেও একাধিকবার অস্কার মঞ্চে এমন কাণ্ডের জন্ম দিয়েছিলেন এ অভিনেত্রী। ২০১৩ সালে সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়ার পুরস্কার আনতে গিয়ে পা পিছলে মঞ্চে পড়ে গিয়েছিলেন। পরের বছর অস্কার আসরের লালগালিচায় হোঁচট খান। এবার যাতে তেমনটা না হয়, সে জন্যই এক কাণ্ড থেকে বাঁচতে আরো বিস্ময়কর কাণ্ড ঘটালেন লরেন্স।











