নিজস্ব প্রতিবেদক: আগামী ১ মে থেকে কুয়েত ও ওমানের মাস্কাটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস। কুয়েতের আকাশপথ উন্মুক্ত হওয়া এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এয়ারলাইনসের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচী থেকে জানা গেছে।
নতুন সূচী অনুযায়ী, শুরুতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন দুটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে; যার মধ্যে প্রথম ফ্লাইটটি (EK855) সকাল ৭:৫০ মিনিটে এবং দ্বিতীয়টি (EK857) দুপুর ২:৫৫ মিনিটে ছেড়ে যাবে। পরবর্তীতে যাত্রী চাহিদা বিবেচনায় আগামী ১৬ মে থেকে এয়ারবাস A350 এবং বোয়িং 777 এয়ারক্রাফটের মাধ্যমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে দৈনিক চারটি করা হবে এবং ২১ মে থেকে পঞ্চম ফ্লাইটটি যুক্ত হবে। অন্যদিকে, ১ মে থেকে ১৫ মে পর্যন্ত মাস্কাট রুটেও কার্যক্রম শুরু করবে এমিরেটস; যেখানে EK866 ফ্লাইটের অধীনে সপ্তাহে পাঁচটি এবং EK862 ফ্লাইটের অধীনে সপ্তাহে দুটি সেবা প্রদান করা হবে, তবে আগামী ১৬ মে থেকে EK866 ফ্লাইটের মাধ্যমে এই রুটে পুনরায় দৈনিক বিমান চলাচল শুরু হবে।











