আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। শুক্রবার বেইজিংয়ে তাদের এই সাক্ষাৎ হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন হ্লাইং।
“বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, রাখাইন ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চীনের মিয়ানমারের পক্ষে দাঁড়ানোসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে,” ফেইসবুকে পোস্ট করা বিবৃতিতে লিখেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, মঙ্গলবার চীন সফরে যান মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। এই কয় দিন মুখ্যত চীনের সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
গত অগাস্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধন শুরু হওয়ার পর আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হলে তখন থেকেই মিয়ানমারকে সমর্থন দিয়ে আসছে চীন। এই সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উঠলে তা আটকে দেয় চীন। মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র চীনই দেশটির সেনাবাহিনীর সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। দেশটিতে বিপুল বিনিয়োগ রয়েছে চীনের।
রাখাইনে দমন-পীড়নের মুখে গত তিন মাসে সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে এই সংকটের জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
এই প্রেক্ষাপটে গত সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকা সফরে এসে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয়ভাবে এই সমস্যা সমাধানের কথা বলেন। দ্বিপক্ষীয় আলোচনায় সহযোগিতার প্রস্তাব দিয়ে তিনি বলেন, এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা পরিস্থিতি জটিল করবে বলে তারা মনে করেন।
এরপর আসেম সম্মেলনে অংশ নিতে মিয়ানমার যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার এই সফরেই বৃহস্পতিবার দুই দেশের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে একটি সম্মতিপত্র সই হয়েছে। (রয়টার্স)
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












