আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে কড়া হুশিয়াড়ী দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া এক সতর্ক বার্তায় বলেছে, যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
সেখানে বলা হয়েছে, অবরোধের অজুহাতে উত্তর কোরিয়ার সম্পদে হাত দেয়ার চেষ্টা বা সে দেশের বাণিজ্যিক জাহাজ আটকের অর্থ হবে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।
গত সপ্তাহে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার একটি তালিকা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে কয়েকটি দেশের ৫০টি কোম্পানি জাহাজ সংস্থার নামের পাশাপাশি উত্তর কোরিয়া ও চীনের নাম রয়েছে তালিকায়।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমেরিকার যে কোনো হুমকি মোকাবিলা করার সামর্থ্য পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার রয়েছে।











