বাংলাদেশের রাজধানী ঢাকায় বেপরোয়া বাসে চাপা পড়ে দুই নারী গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার পর ক্ষুব্ধ শ্রমিকরা সেখানে সহিংস বিক্ষোভ করেছেন।
এসময় একটি বাসে আগুন দেয়া হয় এবং অন্তত ১০টি বাসে ভাঙচুর চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে।
এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশেপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত শ্রমিকরা হলেন নাহিদ পারভীন পলি ও ১৩-বছর বয়সী মিম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এরা দুপুরের খাবার সময়ে কারখানা থেকে বাসায় যাওয়ার পথে মালিবাগ রেল গেটের কাছাকাছি এক জায়গায় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাদের ধাক্কা মারে।
এই খবর ছড়িয়ে পড়ার পর আশেপাশের গার্মেন্টস কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
এসময় তাদের সড়কের দু’পাশের দাঁড়িয়ে ইটপাটকেল ছুড়তে এবং ভাঙচুর করতে দেখা যায়।
এরপর বাসে ভাঙচুর এবং অগ্নিসংযোগ শুরু হলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে।
হাতির ঝিল থানার পুলিশ জানিয়েছে, তারা বাস এবং তার চালককে আটক করেছে।











