এম এস ইসলাম, বিশেষ প্রতিনদিধিঃ- প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ (পিআইবির) সোহেল-সামাদ স্মৃতি পুরস্কারে এবার মনোনীত হয়েছেন দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার ঝর্ণা মনি। চলতি বছরের ২৩শে জানুয়ারি ২০১৫ তারিখে ভোরের কাগজে প্রকাশিত ‘বার্ণ ইউনিটে হরতাল ভিকটিম: পুড়ছে মানবতা, পুড়ছে স্বপ্ন’ শীর্ষক ফিচারের জন্য তাকে এ পুরস্কারের মনোনীত করা হয়।
বুধবার পিআইবির জুরি বোর্ডের এক সভায় ঝর্ণা মনিকে শ্রেষ্ঠ ফিচার লেখক হিসেবে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। একটি ট্রাস্টের আওতায় পিআইবি ১৯৯৯ সাল থেকে প্রতিবছর সাংবাদিকদের জন্য এ পুরস্কার দিয়ে আসছে।
জুরি বোর্ডের সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাখওয়াত আলী খান, বিশিষ্ট সাংবাদিক শাহজাহান মিয়া ও পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীর।
ঝর্ণা মনি ১৯৭৮ সালের ১ নভেম্বর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মজুমদারী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রবীন্দ্র কুমার দেবনাথ ও মায়ের নাম পুষ্প সরকার। ঝর্ণা মনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে এমএসএস এবং একই বিশ্ববিদ্যালয়ে ‘Role of Mass-Media in Women Empowerment: Bangladesh Situation’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য এমফিল ডিগ্রী অর্জন করেন।
ভোরের কাগজে যোগ দেয়ার আগে ঝর্ণা মনি দৈনিক আমাদের সময়, দৈনিক সুবজ সিলেট ও দৈনিক জনকণ্ঠে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











