ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামসহ চার জনের রাষ্ট্রদ্রোহের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী ২৩ এপ্রিল ধার্য করেছে আদালত।
আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষী হাজির করতে না পারায় ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা নতুন এই তারিখ ধার্য করেন।
মামলার অপর দুই আসামি হলেন, ইটিভির সাবেক সাংবাদিক কনক সারোয়ার ও মাহতির ফারুকী খান।
এর আগে গত ২০ নভেম্বর মামলার আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর পুলিশের ইন্সপেক্টর (ডিবি) ইমদাদুল হক ঢাকা সিএমএম আদালতে মামলাটিতে চার্জশিট দাখিল করেন।
২০১৫ সালের ৮ জানুয়ারি তারেক রহমান এবং আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রেহের এই মামলাটি দায়ের করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই ) বোরহানউদ্দিন।
পরে ওই মামলায় ২০১৬ সালের ১১ জানুয়ারি আব্দুস সালামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর ঢাকা সিএমএম আদালত। রিমান্ড শেষে ওই বছর ১৯ জানুয়ারি আদালত স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১টা ২৮ মিনিটে যুক্তরাজ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ‘গনতন্ত্র হত্যা দিবস’ ব্যানারে এক প্রতিবাদ সভায় বিভিন্ন বিচারাধীন মামলার পলাতক আসামি তারেক রহমান প্রায় ৫০ মিনিটের বক্তব্য দেন। তার এই দীর্ঘ বক্তব্য ইটিভি সরাসরি সম্প্রচার করে।
সেই রাতেই ইটিভির কার্যালয়ের নিচ থেকে সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর ক্যান্টনমেন্ট থানার পর্নোগ্রাফি আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৬ জানুয়ারি আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে তিনি জামিন পান।











